১৫ বছর বয়সে যখন প্রথম পড়ি, বই শেষ করে হাউমাউ করে কাঁদি। সেই ইমোশন বুঝতে লা নুই বেঙ্গলির পর আবারও ন হন্যতে পড়ি। এবারও কান্না পায় তবে প্রথমবারের মত বুক ভাঙা কান্না নয়। প্রথম প্রেম কতটা তীব্র হতে পারে সেটি বোঝার জন্য ন হন্যতে আমাকে অনেকটাই সাহায্য করে। তবে আমি নিজে কখনো কারও জন্য অমন উথাল-পাতাল ভালোবাসা অনুভব করেছি বলে মনে পড়ে না। এই বই নিয়ে অনেক অনেক কথা আছে তবে আমার ব্যক্তিগত প্রাপ্তি রবীন্দ্রনাথ। পারিবারিকভাবেই আমি রবীন্দ্রপ্রেমী। তবে মৈত্রেয়ী দেবীর এই আত্মজৈবনিক উপন্যাসে তিনি বারবার তার জীবনে রবীন্দ্রনাথের প্রভাবের কথা লিখেছেন। বুকের যন্ত্রণা লাঘব করতে তিনি যেভাবে রবির আশ্রয়ে ছুটে যেতেন সেই অংশ আমাকে বেশি আলোড়িত করে। অল্পবয়সের সেই বুকচেরা আবেগের সময়ে আমার জীবনে একজন রবীন্দ্রনাথের অভাব বোধ করতাম প্রতিনিয়ত।